নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে দ্রুতগামী সিএনজি অটোরিকশার ধাক্কায় ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের লজিস্টিক কর্মকর্তা আবদুস সালাম (৫৮) নিহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) রাত ৮টায় লাকসাম-মনোহরগঞ্জ রোডের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, সারাদিন কাজ শেষে সন্ধ্যায় মিটিং শেষে দোকানে চা খেতে যাচ্ছিলেন ম্যাক্স কর্মকর্তা আবদুস সালাম। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবদুস সালামের বাড়ি ময়মনসিংহের নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বেড়াইল এলাকায়।
এ বিষয়ে লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান জানান, বিষয়টি আমার জানা নেই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম জানান, ওই রোগীকে সরকারি হাসপাতালে আনা হয়নি। যে ক্লিনিকে নেয়া হয়েছে তারাই থানা প্রশাসনকে অবহিত করার নিয়ম।
এদিকে, কাফনের কাপড় কিনতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের সহকর্মীরা জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি সমাধান করে দিয়েছেন। তাই গ্রামের বাড়িতে মরদেহ পাঠিয়ে দেয়া হয়।







.jpg)


