Featured

Type Here to Get Search Results !

পাওনা টাকা চাওয়ায় হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: পাওনা টাকা চাওয়ায় কুমিল্লা মুরাদনগরে ফারুক আহমেদ রাজু (২২) নামে এক কাপড় ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১১ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের রফিক মিয়া, একই উপজেলার মির্জানগর গ্রামের সুমন মিয়া, আবদুল মান্নান ও ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের নাজমুল শিকদার। রায়ের সময় আসামিরা সবাই পলাতক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাওনা টাকার জেরে ২০১৩ সালের ২ ডিসেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় উপজেলার উত্তর ত্রিশ গ্রামের বাসিন্দা ফারুক আহমেদ রাজুকে। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে সেফটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। পরে মরদেহটি মাটিচাপা দেওয়া হয়।

এ ঘটনায় নিহতের বাবা মো. মোস্তফা বাদী হয়ে মুরাদনগর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আদালত ২২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার