Featured

Type Here to Get Search Results !

জোরপূর্বক কৃষকের আধাপাকা ধান কেটে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পলকোট গ্রামে এক কৃষকের আধাপাকা ধান জোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে দেখা যায়, আশেপাশের জমিতে আধাপাকা ধান থাকলেও ওই কৃষকের জমি ধানশূন্য। 

ক্ষতিগ্রস্ত কৃষক মো. শহীদ উল্লাহ কান্নাজড়িত কণ্ঠে জানান, পলকোট মৌজায় তার ১৩ শতক জমিতে ধান চাষ করে আসছেন। জমি চাষ, রোপণ, সেচ ও সার দেয়াসহ সবকিছু শেষ করে তিনি ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তার বড় ভাই আব্দুল লতিফ ৬ ছেলেসহ ৮-১০ জন লোক নিয়ে এসে জোরপূর্বক আধাপাকা ধান কেটে নিয়ে যান। বাধা দিলে প্রাণনাশের হুমকিও পান তিনি।

স্থানীয়রা জানান, জমির দাগ নম্বর নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। শহীদ উল্লাহ এই জমিটি ক্রয় করে দীর্ঘদিন চাষাবাদ করছেন। আব্দুল লতিফ পাশের আরেকটি জমি চাষাবাদ করে খাচ্ছিল। কিন্তু এবার শহীদের জমির ধানও সে কেটে নিয়ে গেছে, এটা ঠিক হয়নি। বিষয়টি মীমাংসা না হলে বড় ধরনের রক্তপাত হতে পারে। এবিষয়ে একাধিক সালিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় মীমাংসার চেষ্টা হয়েছে।

এ বিষয়ে জানতে বড় ভাই আব্দুল লতিফের বাড়িতে গিয়ে দেখা যায় বৌ-ছেলেদের নিয়ে তিনি ধান মাড়াই করছেন। ধান কেটে নেয়ার বিষয়ে তিনি বলেন, আমি শহীদকে জমিটি বন্ধক দিয়েছিলাম, এখন আর দিব না। আমার ধান আমি কেটে নিয়ে এসেছি।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার