Featured

Type Here to Get Search Results !

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকের বিরুদ্ধে নানামূখী ষড়যন্ত্রের প্রতিবাদে লাকসামে সচেতন গ্রাহক ফোরাম মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে লাকসাম দৌলতগঞ্জ বাজারের চৌদ্দগ্রাম রোডে ব্যাংকের সামনে গ্রাহকরা ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। এ সময় সচেতন গ্রাহক ফোরামের আহবানে অন্যান্য গ্রাহকরা কলম বিরতি পালনার্থে ব্যাংকে কোন ধরনের লেনদেন করনি।

মানববন্ধন কর্মসূচিতে গ্রাহকরা 'ইসলামী ব্যাংকসমূহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনা, বর্তমান অবৈধ চেয়ারম্যান খুরশীদ আলমকে প্রত্যাহার, ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী এএমডি কামাল উদ্দিন জসিমকে বহিষ্কার ও গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে মোঃ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে এবং ব্যাংকের উপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের অযাচিত নগ্ন হস্তক্ষেপ এবং পূণরায় লুটেরা এস আলমের হাতে ব্যাংক তুলে দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ' জানান।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগিরা অভিযোগ করে বলেন, আমরা ব্যাংকের সাধারণ গ্রাহক। আমাদেরকে বাদ দিয়ে ব্যাংকের সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এসআলম গ্রুপ একসময় ব্যাংকটিকে জোরপূর্বক দখল করেছিল। আবারো একই ষড়যন্ত্র চলছে। ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নামে-বেনামে ঋণ দেখানোসহ নানা কৌশলে ইসলামী ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা লুটপাট করেছে এসআলম গ্রুপ। দীর্ঘদিনের লুটপাট আর পরিচালনায় ব্যর্থ হয়ে এরা ব্যাংকের সাধারণ গ্রাহকদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিয়েছিল। এখন ব্যাংকটি যখন আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখনই পুরনো কায়দায় ব্যাংকটির দখল নিতে শিয়াল-শকুনরা উঠে পড়ে লেগেছে। এ দেশের জনগণ ও ব্যাংকের গ্রাহকরা কোনদিনও তাদের এ দূরভিসন্ধি পূরণ করতে দিবে না।

গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মাঝে আস্থা ফিরে আসছে, তাই ডিপোজিটও বাড়ছে। এ সময় তারা ব্যাংকের উন্নয়নে সকল গ্রাহকসহ প্রবাসী ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সহ-সভাপতি মাওলানা আদম সফিউল্লাহ, মাওলানা জাকির হোসেন, ব্যাংকের গ্রাহক ফখরুল ইসলাম মাসুম, আবুবকর জাহিদ প্রমুখ। 

এ সময় দৌলতগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ নুরে আলম, মোঃ সাইফুল ইসলাম খোকন, মাস্টার মোঃ আব্দুর রহমান, ব্যাংকের গ্রাহক মোঃ শাহাদাত হোসেন, মোঃ আবুল কালাম, মাওলানা দেলোয়ার হোসাইন, আব্দুর রশিদসহ শতশত গ্রাহক মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার