জাগো লাকসাম ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় কুমিল্লার নাঙ্গলকোটের ওমরাহ যাত্রী হাফেজ মুফতি নাসরুল্লাহর (৩৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে। মুফতি নাসরুল্লাহ নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর ওলামা বাড়ির হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ'র পুত্র। মুফতি নাসরুল্লাহ'র মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন তার ছোট ভাই মুফতি আতিকুল্লাহ।
অসমর্থিত সূত্রে জানা গেছে, ওই সময় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রিয়াদ বিমান বন্দরে সশস্ত্র হামলা চালায়। এতে মুফতি নাসরুল্লাহ আহত হন।
রোববার (১১ অক্টোবর) দুপুরে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মুফতি নাসরুল্লাহ দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক বলে জানা গেছে। শনিবার বাংলাদেশ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন হাফেজ মুফতি নাসরুল্লাহ। সৌদি আরবের রিয়াদে তাদের বহনকারী বিমানটি পৌঁছার পর তারা জেদ্দাগামী একটি বিমানের জন্য অপেক্ষাকালে এ হামলার ঘটনা ঘটে। হাফেজ মুফতি নাসরুল্লাহ ঢাকার জামেয়া রবিউল্লাহ ইসলামীয়া মাদরাসার শিক্ষা সচিব হিসাবে কর্মরত ছিলেন।
হাফেজ মুফতি নাসরুল্লাহর মৃত্যুর খবরে তার পরিবারে চলছে শোকের মাতম, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি, খোঁজখবর নিচ্ছি।







.jpg)



