শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অন্তত ২২ জন তরুণকে দেশীয় অস্ত্র হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় তাঁরা নিজেদের ‘এসবিএস’ গ্রুপের সদস্য হিসেবে পরিচয় দেন। অভিযোগ রয়েছে, নিজেদের গড়ে তোলা এই গ্রুপের নামে বিভিন্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের মাধ্যমে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করতেন তাঁরা।
ভিডিওটি পুলিশের নজরে আসার পর জড়িতদের শনাক্ত করতে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একাধিক দল মাঠে নামে। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সূত্রের সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে শনিবার রাতে উনাইসার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রুপটির চার সদস্যকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ (১৭), কুমিল্লার বরুড়া উপজেলার এগারো গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. শাওন (১৯), নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের কালা মিয়ার ছেলে মো. হাবিব (১৭) এবং কুমিল্লার লালমাই উপজেলার ফারবাইন মসজিদবাড়ি এলাকার মনির হোসেনের ছেলে মো. হাবিব (১৭)। তাঁরা সবাই সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে তরুণদের স্লোগান দেওয়ার ভিডিওটি পুলিশের নজরে আসে। এরপর জড়িতদের শনাক্ত করতে একাধিক দল কাজ শুরু করে। অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেরাই একটি গ্রুপ তৈরি করে ‘এসবিএস’ নাম দেয় বলে জানিয়েছে।







.jpg)



