Featured

Type Here to Get Search Results !

কুমিল্লার ১৮ থানায় আটক ২১১

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ১৮টি থানা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ২১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬১ জন নেতাকর্মী রয়েছেন।

এছাড়া, মাদক কারবারি, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একযোগে এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন এলাকা থেকে মাদক কারবারি, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, ১৮টি থানা ও ডিবি পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে। আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার