নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (২১ নভেম্বর) রাতে লাকসাম পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (২২ নভেম্বর) দুপুরে থানার আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- লাকসাম (পূর্ব) ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য নরপাটি জামতলী খান বাড়ির ওসমান খান (৫২), উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রীয়াং উত্তরপাড়া মুন্সী বাড়ির নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন (২৬), লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রি খিলি বাড়ির শাহ আলম (৪০), উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৫) এবং কান্দিরপাড় ইউনিয়নের সালেপুর গ্রামের নতুন বাড়ির হাবিবুর রহমান (২৩)।
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী ২০১৩) অনুযায়ী পৃথক দুটি মামলা এবং বাকি তিনজনের বিরুদ্ধে অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার পাঁচজনকে বিভিন্ন মামলায় কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।







.jpg)



