নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে জার্মানীর যুবসংস্থা JUGENDFORDERUNG E.V. (BANGLADESH) সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) সকালে সংস্থার কুমিল্লা অঞ্চলের কো-অর্ডিনেটর আলহাজ মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে নশরতপুর প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে টাকা তুলে দেয়া হয়। বৃত্তির টাকা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম মডেল কলেজ সাবেক অধ্যক্ষ মোঃ আবু তাহের, লাকসাম স্ট্যামফোর্ড স্কুলের প্রধান শিক্ষক আ ক ম হারুনুর রশিদ মজুমদার। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ২০১০ সাল থেকে জার্মানীর এ সংস্থার উদ্যোগে অত্রাঞ্চলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তিপ্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। তম্মধ্যে ৬ষ্ঠ-৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে ৭শ’ টাকা, ৯ম-১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ৯শ’ টাকা ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ১ হাজার ২শ’ টাকা হারে প্রদান করা হয়। ওইদিন লাকসামের বরইগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, রেলওয়ে হাইস্কুল (এ. মালেক ইনস্টিটিউশন), স্ট্যামফোর্ড স্কুল এন্ড কলেজ, উত্তরদা উচ্চ বিদ্যালয়, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়, খিলা আজিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়, আতাকরা হাইস্কুল এন্ড কলেজ, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ, তেজগাঁও কলেজ, লালমাই কলেজ ও নীলকান্ত কলেজের ৩৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে ১ লাখ ২৩ হাজার টাকা বিতরণ করা হয়।