বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর বাজারে হাজী আনোয়ার হোসেন নিউ মার্কেটে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় মধ্যরাত পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া গ্রামের কাতারপ্রবাসী মিজানুর রহমান হরিশ্চর বাজারে নিজস্ব জমিতে একটি বাণিজ্যিক মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। গত এক সপ্তাহ ধরে প্রকৌশলীর তত্ত্বাবধানে পাইলিংয়ের প্রস্তুতি চলছিল।
প্রবাসী মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর গ্রামের যুবদল কর্মী মফিজুল ইসলাম (৪০) নির্মাণস্থলে গিয়ে ইট, বালি ও সিমেন্ট সরবরাহের কাজ তাকে দেওয়ার জন্য প্রস্তাব করেন। তবে আগে থেকেই নির্মাণসামগ্রী ক্রয় করা হয়েছে জানিয়ে তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।
এদিকে, পূর্বে আশ্বাস দেয়া হলেও পরে কাজ দেয়ার বিষয়টি প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে মফিজুল ইসলাম উচ্চবাচ্য করেন। উত্তেজনার একপর্যায়ে প্রবাসী, তার ভাই ও উপস্থিত শ্রমিকরা তাকে আটক করে অফিসে বেঁধে রেখে মারধরের পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেয়।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় যুবদল কর্মী মহিন উদ্দিন ও রবিনসহ ১০/১২ জন যুবক ঘটনাস্থলে এসে মফিজকে ছাড়িয়ে নেয়। পরে মফিজকে বেঁধে রাখার সময় মোবাইলে ধারন করা ভিডিও মুছে ফেলার জন্য বললে প্রবাসীর ভাই ফারুক অস্বীকৃতি জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়।
আহতদের মধ্যে রয়েছেন, প্রবাসীর ভাই ফারুক হোসেন, প্রবাসী মিজানুর রহমান ও শামীম হোসেন এবং অপর পক্ষের মফিজুল ইসলাম, মহিন উদ্দিন ও রবিন। এদের মধ্যে প্রবাসীর ভাই ফারুকের বাম কানে ও মাথায় ৯টি সেলাই দেয়া হয়। আহত অন্যান্যরা লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন।
আহতদের মধ্যে প্রবাসীর ভাই ফারুক হোসেন জানান, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং অফিসে থাকা এলইডি টিভি মনিটর ছুঁড়ে মারলে তার কান ও মাথায় কেটে যায়।
লালমাই থানার এসআই আবু তাহের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি হামলাকারীরা প্রবাসীসহ সংশ্লিষ্টদের মারধর করে আটক ব্যক্তিকে নিয়ে গেছে। তখন আমি আহতদের হাসপাতালে নিতে পরামর্শ দিই।
লালমাই থানার অফিসার ইনচার্জ মো. নুরজ্জামান জানান, হরিশ্চর বাজারে একটি নির্মাণ সাইটে একজনকে আটক করার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। পরবর্তীতে সেখানে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







.jpg)


