নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে ৬ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কন্যাশিশুকে শ্লীলতাহানির অভিযোগে মানিক মিয়া (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) তাকে কুমিল্লা আদালত জেলহাজতে পাঠিয়েছে। মানিক মিয়া উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা বড় বাড়ি এলাকার বাসিন্দা।
এ ঘটনায় থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, ২১ জুন বিকেলে শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যায়। ওই দোকানের মালিক মানিক মিয়া শিশুটিকে কৌশলে দোকানের ভেতরে নিয়ে শ্লীলতাহানি করে।
এদিকে শিশুটির মা বাড়ি ফেরার পথে দোকানের সামনে মেয়েকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি জানার চেষ্টা করলে শিশুটি ইশারা-ইঙ্গিতের মাধ্যমে ঘটনার বর্ণনা দেয়। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পর স্থানীয় ব্যক্তিদের বিষয়টি অবহিত করা হলে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেওয়া হয়। ইত্যবসরে মানিক মিয়া আত্মগোপন করে। পরদিন ২২ জুন শিশুটির মা বাদী হয়ে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ মঙ্গলবার (২৩ জুন) রাতে অভিযান চালিয়ে উত্তরদা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী বলেন, শিশুটির পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।