এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২৪ জুন বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে বিজিবি-১০'র (কুমিল্লা ব্যাটালিয়ন) অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালায় বিজিবি। এ সময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ধরনের ভারতীয় আতশবাজি, কসমেটিকস সামগ্রী এবং বাসমতি চাল আটক করা হয়।
বিজিবি জানায়, এসব চোরাচালানের পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৫৪ টাকা। উদ্ধার হওয়া এসব মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজিবি'র দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







.jpg)


