নিজস্ব প্রতিবেদক: 'সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায়- আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) লাকসাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে পিস ফ্যাসিলিটর গ্রুপ (পিএফজি) অ্যাম্বাসেডর মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আন্তঃধর্মীয় সংলাপে অংশগ্রহণ করেন, পিস ফ্যাসিলিটর গ্রুপ অ্যাম্ব্যাসেডর মো. আবুল হোসেন মিলন, অ্যাম্ব্যাসেডর মো, সিরাজুল হক, অ্যাম্ব্যাসেডর নাজনীন আক্তার নিপা, ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইয়াছিন মজুমদার, লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস, লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাবেক সভাপতি, সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম শ্রী শ্রী নিতাই গৌর সেবাকুঞ্জের সেবায়েত পলাশ বৈষ্ণব, বরইগাও বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাশ্রী মহাথের, করুনাদর্শী ভিক্ষু, পিএফজি সদস্য মো. আব্দুল মমিন মজুমদার, কল্যাণ দত্ত, নূরে আলম মানিক প্রমুখ।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন,এরিয়া সমন্বয়কারী (মিপস প্রজেক্ট) রাসেল আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন। অনুষ্ঠানের ঘোষণা পত্র পাঠ করেন, পিএফজি অ্যাম্ব্যাসেডর নাজনীন আক্তার নিপা, ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম।
বক্তারা উল্লেখ করেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার"। আমাদের হাজার বছরের ঐতিহ্য কৃষ্টি-সংস্কৃতি রয়েছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। একটি গোষ্ঠী আমাদের দেশে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে অপচেষ্টা ও ষড়যন্ত্রে লিপ্ত। আমরা সম্প্রীতির মাধ্যমে তাদের ওইসব অপচেষ্টা ও ষড়যন্ত্র মোকাবিলা করবো। কোনোভাবেই সংঘাতে জড়াবো না।
বক্তারা আরো বলেন, কিছু কুচক্রীমহল আমাদের সম্প্রীতিকে বিনষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা রকম গুজব ছড়িয়ে বিভ্রান্তের চেষ্টা চালাচ্ছেন। আমরা গুজবে কান না দিয়ে প্রকৃত সত্য উদঘাটনে সচেষ্ট থাকবো এবং সম্প্রীতি বজায় রেখে সকল সংঘাত এড়িয়ে চলবো। এক্ষেত্রে ধর্মীয় নেতা, রাজনীতিবিদ, সুশীল সমাজসহ সকল শ্রেণি-পেশার লোকদের আন্তরিকভাবে এগিয়ে আসার আহবান জানান তারা।







.jpg)


