Featured

Type Here to Get Search Results !

চট্টগ্রামে বন্যার্ত অর্ধসহস্র পরিবারের মাঝে লালমাইয়ের হাজী ফরহাদের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে কুমিল্লার লালমাই উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন। সংগঠনটির চেয়ারম্যান ও দানবীর হাজী মো. ফরহাদ হোসেনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা এবং কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার অর্ধসহস্র বন্যার্ত পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হকের তত্ত্বাবধানে পরিচালিত এ মানবিক কার্যক্রমে দুর্গত মানুষের হাতে চাল, ডাল, আটা, তেল, লবণ, পেঁয়াজ, আলু ও বিশুদ্ধ পানিসহ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খাদ্যসংকট কিছুটা লাঘবের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকেরা জানান, দুর্গত এলাকার অনেক মানুষ এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। অনেক পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।সৌদি আরবের সফল তরুণ ব্যবসায়ী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মো. ফরহাদ হোসেন বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। দেশের যেখানেই মানুষ বিপদে পড়বে, সাধ্যমতো তাদের সহযোগিতা করার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজী মো. ফরহাদ হোসেন করোনাভাইরাস মহামারির সময় থেকে লালমাইসহ দেশের বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় নিয়মিত কাজ করে আসছেন। প্রাকৃতিক দুর্যোগ, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসাসহায়তা, দরিদ্র পরিবারের আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে।

এছাড়া শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নেও তিনি ভূমিকা রেখে আসছেন। বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদে অনুদান প্রদান, শিক্ষার্থীদের সহায়তা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতাসহ নানা সামাজিক উদ্যোগে নিয়মিত সহযোগিতা করছেন বলে স্থানীয়রা জানান।

ত্রাণ বিতরণ শেষে আয়োজকেরা জানান, দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী দেশের অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হকের তত্ত্বাবধানে আব্দুল হাকিম ফাউন্ডেশনের এ ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন, ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক আবু জাফর মোহাম্মদ সালেহ, সাংবাদিক মোঃ আবুল কালাম, হরিশ্চর রয়েল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি মুন্না, ফাউন্ডেশনের ব্যবস্থাপক শেখ নোমানসহ স্বেচ্ছাসেবকবৃন্দ।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার