নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় চার দফা দাবি জানিয়ে দাবি বাস্তবায়নে ১২ ঘণ্টার সময়সীমা দেন তারা। দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নিলে রোববার (২০ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্বরোড অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এ সময় ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘বিচার চাই, বিচার চাই’ ও ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ভুয়া ভুয়া' সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কুমিল্লা জেলা প্রশাসনের কাছে শিক্ষার্থীদের দাবিগুলো হলো—অপ্রতীমের মৃত্যুর ঘটনায় জড়িতদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিষ্পত্তি, ঘটনার দায় ও প্রশাসনিক ব্যর্থতা স্বীকার, বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এবং কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ।
লোক প্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই বেহাল অবস্থার মধ্যে যাচ্ছে। প্রতিদিন খুন, ধর্ষণ, ছিনতাই ও নিখোঁজের মতো ঘটনা ঘটছে। কিন্তু আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখি না। বিশ্ববিদ্যালয়ে আসার পর একজন নারী শিক্ষার্থী ও তার মাকে হত্যার ঘটনা, আরেক নারী শিক্ষার্থীকে বাসে ধর্ষণের চেষ্টা এবং টিউশন করতে যাওয়া শিক্ষার্থীদের বিভিন্ন হয়রানির ঘটনা দেখেছি। এসব ঘটনায় প্রতিবাদ হলেও দৃশ্যমান ব্যবস্থা দেখা যায়নি।”
অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল ইসলাম বলেন, “কোটবাড়ি-সালমানপুর এলাকায় কিশোর গ্যাং ও মাদকসেবীদের কারণে আমরা আতঙ্কে থাকি। বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছি না। আমরা যারা টিউশনের জন্য কুমিল্লা শহরে যাই, তারাও নিরাপত্তাহীনতায় ভুগি। সন্ধ্যার পর বের হতেও ভয় লাগে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, কুমিল্লা দক্ষিণের প্রশাসন ও পুলিশ সুপারের কাছে আমাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তায় দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক।”
শিক্ষার্থীরা জানান, ১২ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে রোববার সকাল ৯টায় বিশ্বরোড অবরোধ করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগে ক্লাস বর্জনের সিদ্ধান্তের কথাও জানান তারা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। পরে পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ জানায়, তার মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায়।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা বিভিন্ন এলাকায় অপ্রতীমের খোঁজে তল্লাশি চালান। পরে সদর দক্ষিণ উপজেলার ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন পশ্চিম সানন্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে পুলিশ।
অপ্রতীমের মৃত্যুর ঘটনায় তার পরিবার, স্বজন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।







.jpg)


