Featured

Type Here to Get Search Results !

নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের তাগিদ আবুল কালাম এমপির

নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, অর্থের যথাযথ ব্যবহার এবং প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা দ্রুত দূর করার তাগিদ দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম এমপি।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।

বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরা হয়। এ সময় বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অবস্থা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অর্থ ছাড় ও ব্যয়ের হার এবং প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর জেলা পর্যায়ের কার্যালয় সম্প্রসারণ ও শক্তিশালীকরণ, আঞ্চলিক কার্যালয়গুলোর আধুনিকায়ন এবং শিল্প খাতের অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর আওতাধীন সার কারখানাগুলোর উৎপাদন ও সক্ষমতা, নতুন প্রকল্প, বন্ধ কারখানা পুনরায় চালু, গ্যাস সরবরাহ, কারখানা পরিচালনায় বিদ্যমান সমস্যা এবং সার উৎপাদনের ব্যয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সার কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ এবং বিদ্যমান উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর কলকারখানার বার্ষিক আয়-ব্যয়, জনবলের শূন্য পদ এবং ২০২৬-২৭ অর্থবছরের চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

কমিটি শিল্প খাতে উৎপাদন বৃদ্ধি, সরকারি বিনিয়োগের সর্বোত্তম ব্যবহার, শিল্পপ্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো এবং চলমান প্রকল্পগুলোর সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি পূর্ববর্তী বৈঠকের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনা এবং অসমাপ্ত কার্যক্রম দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

লোকসানে থাকা চিনি কলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। চিনি উৎপাদনের পাশাপাশি অন্যান্য উপজাত থেকে বায়ো-প্রোডাক্ট তৈরি করে কীভাবে এসব প্রতিষ্ঠানকে লাভজনক করা যায়, সে বিষয়ে একটি প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া, শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কোন পদে কতটি শূন্য পদ রয়েছে এবং এর মধ্যে কতটি পদে নিয়োগের জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে—সে বিষয়ে একটি প্রতিবেদনও পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য নির্দেশনা দেয় কমিটি।

বৈঠকে কমিটির সদস্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এমপি, আব্দুস সালাম আজাদ এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এমপি, মনজুর এলাহী এমপি, মো. এনামুল হক এমপি এবং মাসুদ সাঈদী এমপি অংশ নেন।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন করপোরেশন, দপ্তর, সংস্থা, বোর্ড ও ফাউন্ডেশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার