নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী পুলিশের বিশেষ অভিযানে এক রাতেই ৩৫১ জনকে আটক করা হয়েছে। গত দেড় মাস ধরে চলা এ অভিযানে এখন পর্যন্ত মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করেছে জেলা পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযানে অংশ নেয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন মাদকপ্রবণ, ছিনতাইপ্রবণ ও কিশোরদের উৎপাত রয়েছে—এমন এলাকায় অভিযান চালানো হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
সর্বশেষ অভিযানে আটক ৩৫১ জনের মধ্যে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ আরও জানায়, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।







.jpg)



