নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাংচুরসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়। একইসঙ্গে কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে অবিলম্বে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এবি পার্টির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ সামদানী এবি পার্টির নাম, পদবি বা প্রতীক ব্যবহার করে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। একইসঙ্গে দলের পক্ষে কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়ার ক্ষেত্রেও তার ওপর নিষেধাজ্ঞা থাকবে। এ সময়ে তার কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।
এতে আরও বলা হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী অন্তর্বর্তী সময়ের জন্য কুমিল্লা মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্ধারণ করা হবে।
বিজ্ঞপ্তিতে এবি পার্টি জানায়, দলটি রাজনৈতিক শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী। অন্য কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধে জড়ানো কিংবা কোনো পক্ষ অবলম্বন করা দলের নীতি ও আদর্শের পরিপন্থি। এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ সচেতনতা ও দায়িত্বশীলতা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে গোলাম মোহাম্মদ সামদানীর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে সভা চলাকালে কয়েকজন যুবক সেখানে ঢুকে হইচই করেন। পরে তারা চলে যাওয়ার সময় কার্যালয়ের সামনে থাকা একটি কালো মাইক্রোবাস ভাঙচুর করেন।
সিসিটিভি ফুটেজে মুখে মাস্ক পরা এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গাড়ি ভাঙচুর করতে দেখা যায়। ওই যুবক গোলাম মোহাম্মদ সামদানী বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা এবি পার্টির আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, ‘গোলাম সামদানীর বিষয়টি আমাদের নজরে এসেছে। তাকে সাময়িক অব্যাহতি দেওয়ার কয়েকটি কারণ রয়েছে। দলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি এবং বুধবার সন্ধ্যায় কুমিল্লা জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুরের ঘটনায় তাকে অভিযুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। তাই দলীয় সিদ্ধান্তের জন্য তাকে নোটিশ দেওয়া হয়।’







.jpg)



