Featured

Type Here to Get Search Results !

১৯ দিনের ছুটি, পেরুল দক্ষিণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলার ৬ নম্বর পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই অসুস্থতার কারণ দেখিয়ে ১৯ দিনের ছুটির আবেদন করেছেন। তাঁর ছুটির সময়ে প্যানেল চেয়ারম্যান-১ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাহেব উল্লাহকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই ১ অক্টোবর ২০২৬ থেকে ছুটিতে রয়েছেন। তিনি ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, স্থানীয়দের একটি অংশের অভিযোগ, প্যানেল চেয়ারম্যান-১ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সম্পাদক সাহেব উল্লাহকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সাহেব উল্লাহও অভিযোগটি সরাসরি অস্বীকার করেছেন।

সাহেব উল্লাহ পেরুল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নাফিজা কামালের নির্দেশে পেরুল আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি ও লালমাই ছাত্রলীগের অর্গানাইজার মোঃ ইলিয়াস হোসেন সবুজের আপন চাচা। ভাতিজার প্রভাব খাটিয়ে গত নির্বাচনে ওই ওয়ার্ডে মেম্বার পদে আর কাউকে প্রার্থী হতে দেননি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত হন সাহাব উল্লাহ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি কর্মী অভিযোগ করে বলেন, খন্দকার সাইফুল্লাহ রুবাই নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লোটাস কামালের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার ‘বিএনপি-জামায়াতকে প্রতিহত করার ঘোষণা’র ভিডিও এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা থাকায় তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং পরিষদে আওয়ামী লীগ আমলের চেয়ারম্যান-মেম্বারদের প্রভাব এখনো রয়েছে। এ পরিষদে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবাধে আসছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাইয়ের বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা সাহেব উল্লাহ বলেন, তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো লিখিত চিঠি বা রেজুলেশন তিনি পাননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের দপ্তর থেকে মৌখিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তাঁকে কোনো আর্থিক ক্ষমতা দেওয়া হয়নি। শুধু নাগরিক সেবা ও ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করছেন।

সাহেব উল্লাহ বলেন, ‘আমি ২০১১ সাল থেকে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। ২০১০ সাল থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নই। চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার জন্য কাউকে এক টাকাও দিইনি। অর্থের বিনিময়ে দায়িত্ব পাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল আহমেদ এবং প্যানেল চেয়ারম্যান-৩ ও সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নিলুফা বেগম এবং সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুরজাহান বলেন, ‘গত মাসের সভায় চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ অসুস্থতাজনিত কারণে ছুটি চাইলে আমরা সবাই সম্মতি জানাই।’

এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস বলেন, ‘পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুটির আবেদন করেছেন। তাঁর আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ছুটিকালীন সময়ে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন।’

চেয়ারম্যানের বিদেশ যাওয়ার প্রসঙ্গে ইউএনও বলেন, ‘আবেদন করে তিনি বিদেশ যেতে পারেন। আদালত থেকে তাঁকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে—এ ধরনের কোনো আদেশ আমরা এখন পর্যন্ত পাইনি।’

এদিকে, চেয়ারম্যানের ছুটির সময় প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে লিখিত আদেশ বা পরিষদ সভার রেজুলেশন না থাকায় স্থানীয় পর্যায়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ছুটিকালীন সময়ে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা ও নিয়মিত কার্যক্রম সচল রাখতেই প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার