নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযানে একদিনে ২৯৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ১৪০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযানে অংশ নেয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় পরিচালিত অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীসহ জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা, কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে এমন স্থান এবং মাদক ও ছিনতাইপ্রবণ এলাকাকে বিশেষভাবে অভিযানের আওতায় আনা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ বিশেষ অভিযানে ৪ নভেম্বর পর্যন্ত মোট ৬ হাজার ৮৫৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯৬৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ২ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং মাদক ব্যবসা ও ছিনতাই নিয়ন্ত্রণে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
কিশোর অপরাধ, মাদক ব্যবসা ও ছিনতাই প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।







.jpg)



