Featured

Type Here to Get Search Results !

লালমাইতে এমপি-ইউএনও-ওসির সঙ্গে আওয়ামী লীগ নেতা রনি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাইয়ে জাতীয় যুব দিবসের র‌্যালিতে সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সচেতন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ছবিতে দেখা যাওয়া ওই নেতার নাম আবু তাহের রনি। তিনি লালমাই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। তবে রনির দাবি, সরকারি আমন্ত্রণ পেয়েই তিনি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

গত রোববার (১ নভেম্বর) বিকেলে লালমাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সোমবার (২ নভেম্বর) বিকেলে র‌্যালির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। ছবিতে দেখা যায়, ওসি মিজানুর রহমানের ডান পাশে দাঁড়িয়ে আছেন আওয়ামী লীগ নেতা আবু তাহের রনি এবং বাঁ পাশে রয়েছেন ইউএনও সুব্রত বিশ্বাস দাস। ইউএনওর পাশে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াসহ প্রশাসনের কর্মকর্তাদেরও দেখা যায়।

লালমাই থানা সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ কুমিল্লা সদর দক্ষিণ থানা-পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত একটি হত্যা মামলায় আবু তাহের রনিকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে আবু তাহের রনি বলেন, ‘পূর্বের কোনো মামলা নিয়ে কথা বলতে চাই না। আমি একটি যুব সংগঠনের দায়িত্বে আছি। সরকারিভাবে আমন্ত্রণ পেয়ে র‌্যালিতে অংশ নিয়েছি। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’

লালমাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘রনি উপজেলার একটি যুব সংগঠনের সভাপতি। এ কারণে তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত হত্যা মামলায় কারাভোগ করেছেন, এ তথ্য পরে জেনেছি।’

এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, যুব দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন র‌্যালির আয়োজন করে। সেখানে যাওয়ার পর সংসদ সদস্য তাকে ডেকে র‌্যালিতে নিয়ে যান। 

ওসি আরো বলেন, আমার ডানে-বাঁয়ে কারা ছিলেন, তা খেয়াল করিনি। আমি লালমাই থানায় নতুন যোগ দিয়েছি। কার নামে কী মামলা রয়েছে, তা জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস বলেন, ‘আবু তাহের রনি একটি বেসরকারি এনজিও পরিচালনা করেন। এনজিওর পক্ষ থেকে তিনি অনুষ্ঠানে এসেছেন। তাঁর অন্য কোনো দলীয় পদ-পদবি রয়েছে কি না, তা আমার জানা নেই।’

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার