Featured

Type Here to Get Search Results !

লাকসাম জংশনে বগির সাথে ধাক্কায় ইঞ্জিন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে ইঞ্জিন ঘুরানোর সময় (লোকো রিভার্স) বগির সাথে সজোরে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে ইঞ্জিন ও গার্ডের বগি। এতে ৫ যাত্রী আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি লাকসাম রেলওয়ে জংশনে প্রবেশ করে। পরে ট্রেনটির ইঞ্জিন খুলে ঘুরিয়ে অন্যদিকে সংযোগ দেয়া হচ্ছিল। এ সময় চালক মিজানুর রহমানের ভুলে মাত্রাতিরিক্ত গতির কারণে সজোরে ইঞ্জিনের সাথে বগির ধাক্কা লাগে। এতে ইঞ্জিন ও বগীর একাংশ ক্ষতিগ্রস্ত হয়। লাইনচ্যুত হয়ে ইঞ্জিনটি দেবে যায়। এতে আহত হয় অন্তত পাঁচ জন যাত্রী। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।  

এই ঘটনায় চাঁদপুর ও বরিশালগামী ৭/৮শ যাত্রী ভোগান্তিতে পড়েন। বিকল্প পথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন অনেক যাত্রী। রাত পৌনে ১২টায় এ সংবাদ দেখা পর্যন্ত ট্রেনটি সচল হয়নি। 

লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া জানান, আখাউড়া থেকে ইঞ্জিন আসছে। ইঞ্জিন এলে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। লাইনচ্যুত ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি উদ্ধারের কাজ চলছে। তবে কেউ মারাত্মক আহত হয়নি।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার