নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম ছালেহিয়া ওয়ালিয়া দ্বীনিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। মসজিদে তারাবির নামাজরত থাকায় আগুন থেকে রক্ষা পেয়েছে শতাধিক শিক্ষার্থী। সোমবার (৯ মার্চ) রাত সোয়া ৮টায় পৌরসভার মিশ্রী এলাকায় এ ঘটনা ঘটে। লাকসাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত পৌনে ৯টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শিরা জানান, প্রায় ১২৫ ফুট লম্বা টিনশেড ঘরটিতে অর্ধশত শিক্ষার্থীর আবসনের ব্যবস্থা ছিল। তারা নামাজে থাকায় আগুন থেকে বেঁচে গেছে।
মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ উল্লাহ বলেন, রাত সোয়া ৮টায় রান্না ঘরের পাশের কক্ষে আগুনে সূত্রপাত হয়। আগুন ঘরের সিলিংয়ে ধরে গিয়ে মুহুর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। অগ্নিকাণ্ডের সময় ছাত্র-শিক্ষক সবাই তারাবির নামাজে ছিলেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ জাহিদুল মাওলা চৌধুরী হেলাল জানান, ১২৪ ফুট লম্বা টিনশেডের নতুন ঘরটিতে ৪৩ জন আবাসিক ছাত্র থাকতো। আল্লাহ রহম করছেন, কোন প্রাণহানি হয়নি। আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কবিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার কয়েক মিনিটেই আমরা ঘটনাস্থলে পৌঁছি। আমাদের একটি ইউনিট ২০/২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।






.jpg)


