নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ আবু ইউসুফের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা শাখা। মঙ্গলবার বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাতঘর গ্রামে গিয়ে নেতৃবৃন্দ শহীদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
সাতঘর গ্রামে পৌঁছে প্রথমে শহীদ আবু ইউসুফের কবর জিয়ারত করেন জামায়াত নেতৃবৃন্দ। পরে বিশেষ মোনাজাতে শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণের জন্য দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারি জোবায়ের ফয়সাল, উপজেলা কর্মপরিষদ সদস্য ও গোবিন্দপুর ইউনিয়ন আমির মাওলানা ফখরুল ইসলাম, জামায়াত নেতা হাফেজ নাছির উদ্দিন, মাসুদ খন্দকার, মাওলানা আলাউদ্দিন মিয়াজী, মাওলানা আবু বকর সিদ্দিক, শোকর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামায়াতের পক্ষ থেকে শহীদের একমাত্র কন্যার হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
উপহার প্রদানকালে উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সাল বলেন, “শহীদ আবু ইউসুফের মতো সাহসী সন্তানের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে।”
এ সময় শহীদ আবু ইউসুফের পরিবারের সদস্যরা তাদের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোয় জামায়াত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।







.jpg)


