Featured

Type Here to Get Search Results !

মসজিদের জমির মাটি বিক্রির অভিযোগ সহ-সভাপতির বিরুদ্ধে: তদন্ত দাবি মুসুল্লিদের

নিজস্ব সংবাদদাতা: কুমিল্লার লাকসামে মসজিদের জন্য ওয়াকফকৃত জমি থেকে মাটি বিক্রির অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সহ-সভাপতি বিরুদ্ধে।

উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর উত্তরপাড়া ভূঁইয়া বাড়ি জামে মসজিদের সহ-সভাপতি শাহজাহান মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ উঠে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।
মসজিদ কমিটির সদস্যদের দাবি, সিএস খতিয়ান অনুযায়ী নজুমদ্দিন (পিতা: সিয়া গাজী) ১৯৪১ সালের ২১ ফেব্রুয়ারি ২৫৫৭ নং দলিল মূলে ধিকদাইর মৌজার ৩৩৪ দাগে ৪৯ শতক জমি মসজিদের উন্নয়ন ও ইমাম-মোয়াজ্জিনের বেতন-ভাতার জন্য ওয়াকফ করেন। তবে দীর্ঘদিন বিষয়টি গোপন রেখে জমিটি ব্যক্তিগত নামে রেকর্ড করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
মসজিদ কমিটির সভাপতি কামাল হোসেন মজুমদার বলেন, বিষয়টি আগে তাদের জানা ছিল না। পারিবারিক বিরোধের জেরে তথ্যটি প্রকাশ পেলে দলিল যাচাই করে নিশ্চিত হওয়া যায় যে, জমিটি মসজিদের নামে ওয়াকফ করা। তিনি অভিযোগ করেন, অভিযুক্ত শাহজাহান মিয়া গোপনে ওই জমির মাটি বিক্রি করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর হস্তক্ষেপে মাটি কাটা বন্ধ করা হয়।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাস্টার দ্বীন ইসলাম ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে জমি বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে। দ্রুত জমিটি মসজিদের নামে রেকর্ড সংশোধন করে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।
কমিটির উপদেষ্টা মোনায়েম হোসেন ভূঁইয়া জানান, দলিল প্রকাশের পর আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও মাটি বিক্রির ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি আর সমঝোতায় আসেননি।
অভিযোগের বিষয়ে শাহজাহান মিয়া বলেন, তিনি কোনো অনিয়ম করেননি। আইনি প্রক্রিয়ায় যদি প্রমাণিত হয় যে জমিটি মসজিদের সম্পত্তি, তাহলে তার কোনো আপত্তি থাকবে না।
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ওয়াকফ সম্পত্তি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

মসজিদের জন্য ওয়াকফকৃত জমির মাটি কেটে নেয়ার দৃশ্য। ইনসেটে- অভিযুক্ত সহ-সভাপতি শাহজাহান মিয়া।


x

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার