নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা (এফএফ) সৈয়দ লুৎফুর রহমান ইন্তেকাল করেছেন। মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানী ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, দুই ভাই, তিন বোন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯ টায় মরহুম সৈয়দ লুৎফুর রহমানের প্রথম নামাজে জানাজা রাজাপুর দরবার শরীফ প্রাঙ্গণে এবং দ্বিতীয় নামাজে জানাযা সকাল ১০টায় নিজ বাড়িতে (খিলা রেলওয়ে স্টেশনের উত্তর পাশে) অনুষ্ঠিত হবে। জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট ভাই সৈয়দ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দ লুৎফুর রহমান উপজেলার রাজাপুর দরবার শরীফের পীর সাহেব ক্বেবলা শাহসূফি হযরত মাওলানা সৈয়দ শাহ্ অলি উল্লাহ রাজাপুরীর (রহঃ) দৌহিত্র।
সৈয়দ লুৎফুর রহমান স্বাধীনতা পরবর্তী জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এক সময় জাসদ ছাত্রলীগের কুমিল্লা জেলা সভাপতি তৎপরবর্তীতে জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি পরিষদের নেতৃত্বেও ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে তৎকালীন সরকার হুলিয়া জারি করেন এবং রাজনৈতিক কারণে একাধিকবার কারবাসে ছিলেন।
সৈয়দ লুৎফুর রহমান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি ৮০'র দশকে বৃহত্তর লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সৈয়দ লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লাকসাম কমান্ড কাউন্সিল।







.jpg)


