Featured

Type Here to Get Search Results !

খৈয়াখালী খাল পূনঃখনন কাজ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার লাকসামে ‘খৈয়াখালী’ খালের পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বিরামপুর ব্রিজ এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম।

সরকারের কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে খাল খননের অংশ হিসেবে লাকসামের বাকই দক্ষিণ ইউনিয়নে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ  খৈয়াখালী খাল পূনঃখননের কাজ শুরু হয়। এ খালটি বিরামপুর ব্রিজ থেকে হামিরাবাগ হয়ে ডাকাতিয়া নদীর সঙ্গে সংযুক্ত। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, খাল পুনঃখনন প্রকল্পে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৫৫৫ টাকা। স্থানীয় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে প্রতিদিন ১ হাজার ৭১ জন শ্রমিক এই কাজে নিয়োজিত থাকবেন।

খাল খনন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম বলেন, “দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তব কাজের মাধ্যমে তা প্রমাণ করে। খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা কমবে, পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি পাবে।”

তিনি প্রশাসনের প্রতি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। পাশাপাশি স্থানীয় জনগণকে এই উদ্যোগ সফল করতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে উপজেলার অন্যান্য খালও পুনঃখননের আওতায় আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্ল্যাহ সবুজ, লাকসাম থানার ওসি মাকসুদ আহম্মদ, পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশররফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়দের মতে, সময়মতো খনন কাজ শেষ হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে এবং কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার