নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে ৬ বছর বয়সী এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে শিশুটির মা বাদী হয়ে লাকসাম থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল রশিদ (৭০) পলাতক রয়েছেন।
ঘটনাটি ঘটেছে, শনিবার দুপুরে উপজেলার খুন্তা গ্রামে। পুলিশ ওই যৌন নীপিড়ককে খুঁজছে বলে জানিয়েছে লাকসাম থানার ওসি।
এদিকে শিশুটিকে শনিবার সন্ধ্যায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিতে বলেন। কিন্তু পরিবার শিশুটিকে সেখানে নেয়নি। তারা শিশুটিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে নিয়ে যান।
শিশুটির মা এ বিষয়ে বলেন, ‘দুপুরে ঘরে ফিরে দেখি, লোকটা (আবদুল রশিদ) মেয়ের সঙ্গে খারাপ কাজের চেষ্টা করছে।’
এ বিষয়ে ওয়ার্ড যুবদলের সভাপতি মো. এমদাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ঘটনার খবর পেয়েই আমরা এসে যাবতীয় ব্যবস্থা নিয়েছি। শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তার বলেছে শিশুটির সঙ্গে কিছু হয় নাই, আপনারা নিশ্চিন্তে বাসায় যেতে পারেন। শুধু মেয়েটির হাতের মধ্যে একটি কামড় দিয়েছে। আমরা শিশুটির পরিবারকে আশ্বাস দিয়েছি, সুষ্ঠু বিচার করে দেবো। শিশুটির পরিবার আমাদের কথায় একমত আছে।’







.jpg)


