নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার লাকসাম পৌর শহরের একটি শতবর্ষী পুকুর রাতের আঁধারে ভরাট করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভরাটকৃত বালু প্রকাশ্য নিলামে বিক্রির ঘোষণা করেন।স্থানীয় লোকজন জানায়, লাকসাম -শ্রীয়াং রোডের পশ্চিমগাও জোড়পুকুরের পূর্ব পাশের শতবর্ষী বিশাল পুকুরটি রাতের আঁধারে ভরাট করে ফেলে একটি প্রভাবশালী চক্র। রোববার (১০ মে) সন্ধ্যায় খবর পেয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সত্যতা পান। অভিযানকালে ভরাটকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে ভরাটকৃত পুকুরের কয়েক লাখ টাকার বালু নিলামে বিক্রির ঘোষণা দেওয়া হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা, পুলিশসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর, ডোবা-নালা, খাল জলাশয় ভরাটের বিষয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে কোন ছাড় দেয়া হবে না।