Featured

Type Here to Get Search Results !

ফারিহাকে হত্যার অভিযোগ: স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাতুন নাঈম ফারিহার (২৩) মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় থানায় মামলা হয়েছে। বুধবার রাতে ফারিহার বাবা মো. হানিফ বাদী হয়ে হত্যার অভিযোগ এনে ৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দাখিল করেন। এতে ফারিহার স্বামী মেহেদী হাসান হৃদয়, শশুর আবদুর রহিম, শাশুড়ি আফরোজা বেগম, ননদ রীমা আক্তার ও তার স্বামী জাকারিয়াসহ ৫ জনকে আসামি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, ফারিয়ার বাবার অভিযোগ আপাতত আত্মহত্যার প্ররোচনার মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত আসলে তখন বিধি মোতাবেক মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্ত হবে। 

ওসি জানান, ঘটনার পর থেকে ফারিহার স্বামীসহ অন্যরা পলাতক রয়েছে। তাকে আটক করতে পারলে ঘটনার রহস্যের জট খুলবে। পুলিশের অভিযান চলছে। 

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফারিহা ও হৃদয় একই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে তাদের মধ্যে প্রেম-ভালোবাসার সম্পর্ক হয়। পরে উভয় পরিবারের সম্মতিতে গত বছরের ৮ সেপ্টেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার আবদুর রহিমের ছেলে মেহেদী হাসান হৃদয়ের সাথে ১৫ লাখ টাকার দেনমোহরে পারিবারিকভাবে বিয়ে হয়। বিবাহের পর থেকে তার স্বামী ও পরিবারের লোকজন ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। ফারিহা তার স্কুলশিক্ষক বাবার নিকট থেকে টাকা এনে দিতে না পারায় পরিবারে আরও কলহ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। 

ফারিহার বাবা  বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে আসামিরা হত্যার পর সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে ৯৯৯-এ কল করে পুলিশ ডেকে আনে। থানায় মরদেহ নেওয়ার পর আমাদের জানানো হয় ফারিয়া আত্মহত্যা করেছে। তিনি অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি জানান।

এদিকে মেয়ে হারানোর শোকে এখনও আহাজারি করছেন ফারিহার মা। তাদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে, মেয়েকে হারিয়ে এখনো অনবরত কান্না করছেন তিনি। 

এর আগে গত মঙ্গলবার রাতে কুমিল্লা মহানগরীর দেশওয়ালীপট্টি (মুন্সেফবাড়ি) এলাকার ‘কাশেম গার্ডেন’ নামের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে পুলিশ ফারিহার মরদেহ উদ্ধার করে। ফারিহা কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার