নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য তাঁকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এই নিয়োগের মাধ্যমে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অভ্যন্তরীণ শিক্ষক হিসেবে প্রথম উপাচার্য হওয়ার গৌরব অর্জন করেছেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের নবম উপাচার্য হিসেবেও দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ১৯৭১ সালে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড় এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পারিবারিক শিকড় সদর দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী শীষপুর সাহেব বাড়িতে। পরবর্তীতে তাঁদের পরিবার চৌয়ারার মাটিয়ারা এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করে।
শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি অসাধারণ মেধার পরিচয় দেন। চট্টগ্রাম গভর্নমেন্ট হাই স্কুল থেকে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার International Islamic University Malaysia (IIUM)-এ অধ্যয়ন করে ‘Post-Colonial Literature’-এর ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন।
১৮তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে তিনি শিক্ষকতা পেশায় প্রবেশ করেন। দীর্ঘ সময় ময়মনসিংহের আনন্দমোহন কলেজে শিক্ষকতা করার পর ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। সেই সময় তিনি বিভাগটির প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বেও তিনি সফলতার পরিচয় দিয়েছেন। তিনি বিভাগীয় প্রধান, কলা ও মানবিক অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, হল প্রভোস্ট এবং ভর্তি পরীক্ষার বিভিন্ন কমিটির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল, কারিকুলাম কমিটি এবং নিয়োগ বোর্ডের সদস্য হিসেবেও কাজ করেছেন।
অধ্যাপক ড. শরীফুল করীম জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন University Teachers Association of Bangladesh (ইউট্যাব)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। গবেষণা ও একাডেমিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. শরীফুল করীম বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকার যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করাই হবে আমার প্রধান লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।”
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ শিক্ষকতা অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বাস্তবতা সম্পর্কে গভীর ধারণা থাকায় তাঁর নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আরও গতি পাবে।







.jpg)


