নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে খবির আহমেদ (৫৫) নামের এক স্কুল শিক্ষক মারা গেছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। শনিবার (২২ আগস্ট) নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
খবির আহমেদ পৌরসভার নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। তাঁর স্ত্রী রেহানা বেগমও একই বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪/৫ দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। পরে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। পরে কুমিল্লার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এক পর্যায়ে তার রক্তের প্ল্যাটিলেট কমতে থাকায় চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
শনিবার সকাল ১১টায় প্রথম নামাজে জানাজা তার কর্মস্থল নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিকেলে পার্শ্ববর্তী লালমাই উপজেলার নিজ বাড়ি কনকশ্রী গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।







.jpg)


