Featured

Type Here to Get Search Results !

নতুন দুই গিনেস রেকর্ড মক্কার ক্লক টাওয়ারের

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম সংলগ্ন বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি। এ নিয়ে ক্লক টাওয়ারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে।

সম্প্রতি মক্কা সিটি ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন ক্লক টাওয়ারের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি সনদ গ্রহণ করেছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ক্লক টাওয়ারের জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের উচ্চতা ৫৬০ দশমিক ৮৭৫ মিটার। সেখান থেকে পবিত্র মসজিদুল হারামসহ মক্কা নগরীর বিস্তৃত দৃশ্য দেখা যায়।

২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ক্লক টাওয়ার জাদুঘর। টাওয়ারের সর্বোচ্চ চারটি তলায় অবস্থিত এই জাদুঘরে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার পদ্ধতি, মক্কার ইতিহাস এবং বিশাল ঘড়িটির নির্মাণ ও প্রকৌশলগত বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

জাদুঘরের উচ্চতা নির্ধারণে ভূপৃষ্ঠ থেকে মিলিমিটার পর্যন্ত নিখুঁত পরিমাপ করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। সংস্থাটির সংজ্ঞা অনুযায়ী, জনসাধারণের শিক্ষা ও সাংস্কৃতিক সমৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ও সংগ্রহ সংরক্ষণ এবং প্রদর্শনের স্থানকে জাদুঘর হিসেবে বিবেচনা করা হয়।

৬০১ মিটার উচ্চতার মক্কার ক্লক টাওয়ারের নির্মাণকাজ শেষ হয় ২০১২ সালে। এটি পবিত্র মসজিদুল হারামের পাশে অবস্থিত সাতটি সুউচ্চ ভবনের সমন্বয়ে গঠিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ। সৌদি বিনলাদিন গ্রুপ কমপ্লেক্সটির নির্মাণকাজ সম্পন্ন করে। টাওয়ারের ঘড়ির ওপরে থাকা ৭১ মিটার উচ্চতার চূড়াসহ ভবনটির মোট উচ্চতা ৬০১ মিটার।

টাওয়ারটির চার পাশে রয়েছে একই আকারের চারটি বিশাল ঘড়ির ডায়াল। প্রতিটির ব্যাস ৪৩ মিটার, যা লন্ডনের এলিজাবেথ টাওয়ারের ঘড়ির ডায়ালের তুলনায় প্রায় ছয় গুণ বড়। ২০১১ সালের ২৮ নভেম্বর বিশাল আকৃতির ঘড়ির ডায়ালের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায় স্থাপনাটি।

এর আগে বিশ্বের সর্বোচ্চ ক্লক টাওয়ার, বৃহত্তম ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ঘড়ির ডায়ালের রেকর্ডও অর্জন করে মক্কার এই স্থাপনা। নতুন দুটি স্বীকৃতি যুক্ত হওয়ায় এর রেকর্ডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচটিতে।

রয়্যাল কমিশন জানিয়েছে, এসব আন্তর্জাতিক স্বীকৃতি মক্কার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দা, হজ ও ওমরাহ পালনকারীসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর প্রচেষ্টার প্রতিফলন।

কমিশনের লক্ষ্য, মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্য ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও পরিচিত করে তোলা। পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার