১৭ নভেম্বর (সোমবার দিবাগত গভীর রাতে) লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ডের পেয়ারাপুর গ্রামের কৃষক মো. ফজলুর রহমানের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু নিয়ে যায় চোরেরদল। এই ৪টি গরুই ছিল কৃষক মো. ফজলুর রহমানের একমাত্র সম্বল। গরুগুলো হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন অসহায় ওই কৃষক পরিবারটি। চুরি যাওয়া গরুর মধ্যে রয়েছে দুটি ষাঁড়, একটি গাভী এবং একটি বাছুর। গরুগুলোর বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে ভুক্তভোগী কৃষক মো. ফজলুর রহমানের দাবি।
এদিকে গত ১৩ নভেম্বর গভীর রাতে উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রীয়াং এলাকা থেকে ৪টি গরু নিয়ে যায় চোরের দল। যার আনুমানিক মূল্য সাড়ে ৬ লাখ টাকা। এছাড়াও গত ১০ নভেম্বর ভোররাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি গ্রামের মো. জামাল হোসেনের গোয়াল ঘরের তালা ভেঙ্গে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুইটি গরু চুরি হয়। এর এক সপ্তাহ আগে গভীর রাতে উপজেলার কান্দিরপাড়ের বাদলদের দু'টি এবং পাশের বাড়ির ওয়াসিমদের একটি গরু চুরি হয়।
পেয়ারাপুর গ্রামের ভুক্তভোগী কৃষক মো. ফজলুর রহমান জানান, তিনি লাকসাম রেলওয়ে জংশন বাজারে নৈশ প্রহরীর চাকরি করেন। ঘটনার দিন রাতে তিনি বাজার পাহারা শেষে ভোরে বাড়ি ফেরেন। এ সময় গোয়াল ঘরের দরজা খোলা দেখে এগিয়ে যান। তখন তিনি গোয়াল ঘরে ঢুকে দেখেন, তাঁর চারটি গরুর একটিও নেই। চোরেরদল রাতের আঁধারে কোনো এক সময় সবগুলো গরু চুরি করে নিয়ে যায়। এমতবস্থায় তিনি হাউমাউ করে কাঁন্নায় ভেঙ্গে পড়েন।
ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসী জানান, গরুগুলোই ছিল পরিবারের একমাত্র সম্বল। দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্নের সঙ্গে জড়িয়ে ছিল তাঁর এই গরুগুলো। একসঙ্গে চারটি গরু হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
অসহায় কৃষক মো. ফজলুর রহমান গরু চুরির ঘটনায় মঙ্গলবার (১৭ নভেম্বর) লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি চুরি যাওয়া গরুগুলো দ্রুত উদ্ধারে পুলিশের আন্তরিক সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
লাকসাম থানার অফিসার ইনচার্জ কামরুন্নাহার লাইলী গরু চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার শ্রীয়াং এবং পৌরসভার পেয়ারাপুরে গরু চুরির ঘটনায় পৃথক দু'টি লিখিত অভিযোগ পেয়েছেন। এছাড়া, ভুক্তভোগী অনেকেই এসব গরু চুরির ঘটনার বিষয়ে থানা পুলিশকে অবহিত করেনি।
পুলিশের এ কর্মকর্তা জানান, আমাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে পুলিশ আন্তরিকভাবে চেষ্টা করছে।







.jpg)



