Featured

Type Here to Get Search Results !

সদর দক্ষিণে জোড়া খুন: ৬ আসামির মৃত্যুদন্ড, ৭ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুমিল্লা সদর দক্ষিণের ধনাইতরিতে জোড়া খুনের ঘটনায় ৬ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

রায় ঘোষণার সময় আদালতে ১৫ আসামির ১২ জন উপস্থিত ছিলেন। এদের মধ্যে খালাস পেয়েছেন দুজন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- তোফায়েল আহমেদ তোতা, কামাল হোসেন, মো. মামুন, আলমগীর হোসেন, বাবুল ও হারুনুর রশিদ। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- হায়দার আলী, আবদুল মান্নান, জামাল হোসেন, আবুল বাশার, জাকির হোসেন, আবদুল কাদের ও আবদুল কুদ্দুস।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহিরুল ইসলাম সেলিম এ তথ্য নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৬ সালের ১২ আগস্ট রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরি এলাকায় আসামি পক্ষের লোকজন গিয়াসউদ্দিন ও জামাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের ছেলে অজ্ঞাত আসামিসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ২০১৭ সালের ২০ আগস্ট তদন্তকারী কর্মকর্তা ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ তদন্ত ও বিচারকার্যে আসামিদের জবানবন্দি এবং ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

মামলার বাদী হত্যাকাণ্ডের শিকার গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান সন্তোষ প্রকাশ করে বলেন, আদালতের এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় তিনি পলাতক আসামিদের গ্রেপ্তার করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার