নিজস্ব প্রতিবেদক: চোর ধরতে গিয়ে কুমিল্লার দেবিদ্বারে মহিউদ্দিন নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
কনস্টেবল মহিউদ্দিন (৫৯) মুরাদনগর উপজেলার গাইটুলি এলাকার সাইদুর রহমানের পুত্র। আর মাত্র ৬ মাস পরই তিনি অবসরে যেতেন।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মহিবুস সালাম খান জানান, গণধোলাইয়ের শিকার এক চোরকে নিয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে আসেন মহিউদ্দিন। ওই চোরকে চিকিৎসা দেওয়া শেষে থানায় নেওয়ার পথে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজিতে উঠার সময় চোর পালিয়ে যায়। এসময় চোরকে ধাওয়া করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কনস্টেবল মহিউদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ইলিয়াস জানান, উপজেলার বারেরা গ্রামে গণধোলায় শিকার এক চোরকে আনতে সহকর্মীদের সাথে ওই গ্রামে যান মহিউদ্দিন। পরে চিকিৎসা দিতে ফেরার পথে পলায়নরত চোরকে ধরতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।







.jpg)


