Featured

Type Here to Get Search Results !

ঝটিকা মিছিল: নিষিদ্ধ আ'লীগের ২০ সমর্থক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ঝটিকা মিছিলের ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় ঝটিকা মিছিল বের হয়।

এ ঘটনায় রোববার (২১ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই জসিম উদ্দিন বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে ৩০ জনকে এজাহার নামীয় এবং ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

এদিকে মহাসড়কে ঝটিকা মিছিলের পরপরই অভিযানে নামে পুলিশ। বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর ২টায় গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের ব্যানারে গুটি কয়েক নেতাকর্মী ও সমর্থক ঝটিকা মিছিল করে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কিছু তরুণ ও মধ্য বয়সী লোকজন ব্যানার হাতে আ'লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিলের পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশের একাধিক টিম। রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ২০ নেতাকর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম পল্লব, কুমিল্লা সদর দক্ষিণের উত্তর রামপুরের শরিফ আহমেদ মজুমদার সোহাগ, লালবাগের হানিফ চৌধুরী, সাওড়াতলীর দেলোয়ার হোসেন, বেলতলীর মহিবুল্লাহ আপন, চাঙ্গিনীর জুয়েল, দিশাবন্দের দেলোয়ার, গাবতলীর জসিম উদ্দিন, মহেষপুরের ফরিদ, বৈষখলার সজিব, গোয়ালমথনের মোহাম্মদ আলী, সদর উপজেলার ধনপুরের জানে আলম লোটাস, আলেখাচরের নুরুল ইসলাম রানা, খিলতলীর মোবারক, বালুতুপার আব্দুল আজিজ সজিব, নাজমুল হক, বরুড়া উপজেলার ইলিয়াস, লালমাই উপজেলার সাদ্দাম হোসেন মজুমদার, চেঙ্গাহাটার নোমান ও বুড়িচং উপজেলার আব্দুল কাদের।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার