নিজস্ব প্রতিবেদক: “শুদ্ধতার চর্চা করি ও মেধার বিকাশ ঘটাই” — এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ও সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে লাকসামে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) লাকসাম উপজেলার জালাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। প্রতিযোগিতার বিষয় ছিল — “বৃদ্ধ পিতা-মাতার প্রতি অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা।”
বিষয়টির পক্ষে বিদ্যালয়ের সততা সংঘের সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এবং বিপক্ষে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডে অষ্টম শ্রেণির দল যুক্তিপূর্ণ উপস্থাপনার মাধ্যমে সপ্তম শ্রেণির দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক খান সৈকত, এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আবদুল কুদ্দুস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আওরঙ্গজেব খান রুবেল। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেন, সহকারী শিক্ষক আবদুর রহমান তালুকদার, ফেরদৌসী আক্তার, এবং মৃত্যুঞ্জয় দাস। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিতর্কে বিজয়ী দল এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।







.jpg)


