Featured

Type Here to Get Search Results !

কবর থেকে শিশুর মাথা ও কাফনের কাপড় চুরি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাইতে দাফনের প্রায় পাঁচ মাস পর এক শিশুর কবর খুঁড়ে মরদেহের মাথা ও কাফনের কাপড় চুরি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ মে) বিকেলে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের নাওড়া পূর্বপাড়া এলাকায় প্রকাশ্যে আসে এ ঘটনা।

স্থানীয় লোকজন জানায়, বিকেলে কয়েকজন যুবক কবরস্থানের পাশের তালগাছ থেকে তাল কাটতে গেলে একটি কবরের ওপরে গলিত অবস্থায় মাথাবিহীন একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর ছড়িয়ে পড়লে নিহত শিশুর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। মরদেহটি ছিল নাওড়া এলাকার বাবুল মিয়ার ছেলে মারুফের (১৩)।

পরিবারের সদস্যরা জানায়, প্রায় পাঁচ মাস আগে বিষপানে আত্মহত্যা করার পর মারুফকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ধারণা করা হচ্ছে, গভীর রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে মরদেহ বের করে মাথা বিচ্ছিন্ন করে ও কাফনের কাপড় নিয়ে যায়।

খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশের উপস্থিতিতে পরিবারের সম্মতিতে মাথাবিহীন মরদেহটি পুনরায় দাফন করা হয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-আতংক দেখা দিয়েছে। অনেকের ধারণা- তন্ত্র-মন্ত্র বা কথিত কোলোযাদুর কাজে অপব্যবহারের উদ্দেশ্যে মরদেহের মাথা ও কাফনের কাপড় নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন আরও ভয়ংকর ঘটনা ঘটতে পারে।

লালমাই থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার