Featured

Type Here to Get Search Results !

মিশর সমর্থনই কাল হলো শরিফুলের

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে মোঃ শরিফুল ইসলাম (৩২) নামে মিশর ফুটবল দলের সমর্থক এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচকে ঘিরে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মিশর এক গোলে এগিয়ে যাওয়ার পর মেসি গোল মিস করলে আর্জেন্টিনার সমর্থকরা শরিফুলকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। পরে আর্জেন্টিনার সমর্থকরা শরিফুলের বাসায়ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন। পরিবারের সদস্যরা বলেন, আমরা গরীব বলেই আমাদের সাথে এমন হলো। 

এদিকে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।

নিহত শরিফুল ইসলাম কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি নীলফামারী জেলার জলঢাকা থানার উত্তর চেরাংগা গ্রামের মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খেলা চলাকালে দুই পক্ষের মধ্যে সমর্থন নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেই বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, স্থানীয় আর্জেন্টিনা সমর্থক বাবু ও মাইন উদ্দিন মালু শরিফুল ইসলামের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে।

খেলাধুলা আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক হলেও সামান্য সমর্থন নিয়ে সংঘর্ষে একটি প্রাণ ঝরে যাওয়ার এই ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে সংযম বজায় রাখার এবং গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার