সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম শাখার আয়োজনে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আল্লাহ ও রাসুল (সা.) প্রেমিকরা হাতে কালেমা খচিত নানা ধরনের পতাকা ও ব্যানার নিয়ে পায়ে হেঁটে, পিকআপ এবং মিছিল সহকারে জশনে জুলুছে (শোভাযাত্রা) অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন, মুফতি মাওলানা এ.এ. তাহের, মাওলানা এমদাদুল হক জিহাদী, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা রবিউল হোসেন হেলালী, সাইফুল ইসলাম আল-কাদরী, মাওলানা আনোয়ার হোসেন সিরাজী ও মোঃ মহিউদ্দিনসহ অনেকে।
এদিকে, একইদিন সকালে আউশপাড়া দরবারের মরহুম পীর সাহেব মাওলানা আবু তাহের (রহঃ) ছেলে মাওলানা আমিমুল এহসানের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মাওলানা সফিকুর রহমানসহ ওলামায়ে কেরাম বেদআতমুক্তভাবে দিবস পালনের বিষয়ে গঠনমূলক বক্তব্য রাখেন। এ সময় অন্যান্য ওলামায়ে কেরাম, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক মুসুল্লি উপস্থিত ছিলেন।
অপরদিকে, আল আমিন ইনস্টিটিউটে রাসুল (স.) এর সিরাত (জীবনী ও চরিত্র) বর্ণনাসহ ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা আয়োজন করা হয়। প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাফর মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেম। বিদ্যালয়ের শিক্ষক ও ওলামায়ে কেরাম এতে বক্তব্য রাখেন।
পবিত্র এ দিনে লাকসামের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান আল হেদায়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত বর্ণনা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট নাসিমা আক্তার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ মুহাম্মদ আবদুল মুবিন।
বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সাবেক আমীর মোঃ আবুল হাশেম, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ, আল আমিন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাফর মজুমদার, ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ আবুল কালাম, অভিভাবক সদস্য ফরিদা ইয়াসমিন।







.jpg)


