নিজস্ব প্রতিবেদক: “সবুজ হোক প্রতিটি প্রাঙ্গণ, সচেতন হোক প্রতিটি প্রাণ, বৃক্ষরোপণই হোক জলবায়ু পরিবর্তন মোকাবিলার অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে সোমবার (২৯ জুন) কুমিল্লার লাকসামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু পরিবর্তনে সচেতনতামূলক র্যালি এবং বৃক্ষরোপণ কর্মসূচি।
লাকসাম নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, পাইলট বালক উচ্চ বিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের স্বস্ব উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে সচেতন করতেই মূলত এই উদ্যোগ।
কর্মসূচির শুরুতে স্বস্ব বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য সচেতনতা র্যালি বের হয়। র্যালিগুলো আশেপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের হাতে জলবায়ু সচেতনতা এবং পরিবেশ রক্ষার নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড শোভা পায়।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বৃক্ষরোপণ করেন, বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী পরিবেশের যে বিপর্যয় ঘটছে, তা থেকে বাঁচতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ লাগায় এবং তার পরিচর্যা করে, তবেই সবুজ পৃথিবী গড়া সম্ভব।
এসময় শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং সেগুলোর নিয়মিত যত্ন নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।







.jpg)


