Featured

Type Here to Get Search Results !

যানজট নিরসনে কুমিল্লায় হকার উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। রোববার (২৮ জুন) বিকেলে নগরীর ব্যস্ততম এলাকা রানীবাজার, নজরুল এভিনিউ ও কান্দিরপাড়ের পূবালী চত্বরসহ বেশ কয়েকটি স্থানে এই অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

অভিযানকালে সড়কের পাশে বসা হকারদের ভ্যানসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এ সময় কিছু ভ্যান লুকিয়ে রাখা হলেও সেগুলো খুঁজে বের করে জব্দ করা হয়। পরে ভেকুর সাহায্যে সেগুলো ভেঙে ফেলা হয়। পাশাপাশি পালিয়ে যাওয়া অন্য হকারদের নগরীর সড়কের পাশে না বসার আহ্বান জানানো হয়।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘আমার নিজের কাছেই খারাপ লাগে, যখন এসব গরিব ও অসহায় মানুষের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হয়। কিন্তু আমার কিছু করার থাকে না। এই চেয়ারটি জনগণের জন্য। জনগণের চলাচলের পথে যেন কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সেজন্যই আমাদের এই অভিযান পরিচালনা করতে হয়।’

টিপু আরও বলেন, ‘যারা ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করছেন, তাদের পুনর্বাসনের জন্য কুমিল্লা সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। কুমিল্লা সিটি মার্কেটের ৩, ৪, ৫ ও ৬ তলা পুরো ফ্লোর হকারদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। তারা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী সেখানে দোকান নিতে পারবেন। আর আমরা এই হকার্স মার্কেটের ভালোভাবে প্রচার করে দেব। যা তে আপনাদের ব্যবসা করতে সুবিধা হয়।’

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার